"আমাতে"
-পুলক সাঁপুই
মাটির আকাশ গড়ি
গড়ি ধাতব জল,
দুয়ারে ফাগুন আসে
করি টলমল।
মাটি পুড়ে ইট হয়
ইট টেরাকোটা লাল,
লাল মাটি মেঠো সুর
সুরে হরতাল।
কাল ছিলাম হরবোলা
আজ আমি বধির,
গুরু থেকে চেলা হই
জ্ঞানী থেকে পাপী।
সাদা কালো খুঁজে মরি
আপনার অন্তরে,
পাষাণ হাওয়ায় ওড়াই
দেখাই সোনার পাথর বাটি।
ঝর্ণা কলম হারাই
ধরি সিলেট-পেন্সিল,
অহং-এ দহন হোক
মুখ পড়ুক সত্যিই।
বৃক্ষের ফল হোক
সবার প্রয়োজনে,
মাকাল ফল হয়ে রই
ঘৃণ্য এ জীবনে।
জমিদার পাখি ওড়ায়
মুক্তি দেওয়ার সুখে,
চিড়িয়াখানায় ভিড় দেখি
হাজার মানুষের।
ছলনায় ভেক ধরে
করি জল ছলাৎ ছলাৎ,
কামনার আগুন জ্বলে
ফাগুনে পলাশ।
কাকের বদান্যতায় কি?
বসন্তে কুহু ডাক শুনি-
সমাজে ঠাঁই রাখি
মনে ঝালমুড়ি।
দুপুর জুড়ে বকম বকম
জোড়া কবুতর ডানা ঝাপটায়,
চুলায় ভাত পোড়ে
বাতাসে গন্ধ ছড়ায়।
কালো মনে কালি দিয়ে আঁকি
লক্ষ তারার তিমির,
তিমিরে মাঝে আশা রাখি
প্রেমের স্পন্দনের ফুলকারী।