গল্প: প্রেমকথা
কলমে: পুলক সাঁপুই
দীঘির পাড়। দূরে সারি সারি তাল গাছ। মৃদুমন্দ বাতাস। জল তরঙ্গে ঝিলমিল করছে বিকালের পড়ন্ত রোদ।
দুটি প্রাণ প্রেমে অন্তরঙ্গ হয়ে বসে।
সবুজ ঘাসের ঝোপে সবুজ শাড়ি, লাল পাঞ্জাবী ও লাল ফুল গাছের সাথে মিশে। নয়নাভিরাম দুজনে।
- ঐ দেখো বাঁদিকে দীঘির পানিতে সাদা শাপলা ফুল, যেন আমি।
- ডান দিকের জলে দেখো প্রিয়, লাল পদ্ম ফুটে আছে, আমি মনে করো।
- আমি আছি বাঁপাশে, তুমি আছো ডানে,
প্রেম তরঙ্গ বহে বাতাসে ও মনে।
- তোমরা যাকে পানি বলো, আমরা বলি জল,
ধর্মের কারণে, অকারণ গেঁড়াকল।
- শুনেছি সাদা যতো সুগন্ধী ফুল আছে, সবই আমার ধর্মে বলে; বেলী, রজনীগন্ধা ইত্যাদি।
- গাঁদা, জবা, ইত্যাদি লাল কমলা হলুদ ফুল আমার ধর্মে পড়ে। নিল বেগুনী ফুল জানি না কোন ধর্মে পড়ে।
- তোমার লাল পাঞ্জাবির পকেটে আমার ভালোবাসার সাদা গোলাপ ফুল দিলাম, আমার প্রতীক। সুন্দর লাগছে তোমায়।
- তোমার এই ঘন কালো মখমলের মতো চুলে গুঁজে দিই রক্তজবা প্রেমের প্রতীক লাল রঙে।
- শুনেছি খেজুর, আখরোট আমাদের ধর্মের,
কলা, নারকেল তোমাদের।
আম, জাম, কাঁঠাল ইত্যাদি কোন ধর্মে পড়ে; এখনো ও কোথাও কিছু শুনিনি।
- লাল লাল সবজি যতো; আমার ধর্ম মতে,
সবুজ সবজি তোমাদের পড়ে। বেগুন কোন দিকে যাবে বেগুনী রঙের হলে?
- সরে এসো এই দিকে, নইলে কামড় দিবে।
দেখো পাশে লাল পিঁপড়া, তোমার ধর্ম।
ঐ যে দূরের কালো ছোটো নিরীহ পিঁপড়া; আমার ধর্ম। গাঁজাখুরি ধার্মিকেরা বিকৃত মনোবৃত্তিতে বলে।
- দূরে ছাগল চরে; তোমরা বকরী বলো।
- আমাদের উট; গোরু তোমাদের শুভ। কুসংস্কারাচ্ছন্ন ধার্মিকেরা ছাড়েনি কিট-পতঙ্গ পশুকেও।
-উটের দুধের চা খেয়েছো কখনো? সুস্বাদু। রাজস্থানে গিয়েছিলাম উটের পিঠে চড়েছিলাম। বেশ মজা লেগেছিল।
- এক ধর্মশালায় পিতলের থালায় নারকেল নাড়ু ও পায়েস খেয়েছিলাম।
কি অপূর্ব স্বাদের! ঐ গুলি তোমার ধর্ম মতে।
- তোমার চোখে কাজল। কপালে দিয়েছো টিপ। তুমি অপরূপা সুন্দরী।
তোমার হাতে মেহেন্দি এঁকেছ প্রেমের যুগোল দেবতা,
পায়েতে দিয়েছো টুকটুকে লাল আলতা।
প্রকৃতির ডাকে প্রেম অভিসারে দুজনে আমরা।
- আমাদের মধুচন্দ্রিমায় খাট ও পালঙ্কের মিলন হবে। রজনীগন্ধা ও বেলী ফুল, গাঁদা ফুল ও চন্দ্রমল্লিকা দিয়ে সাজানো হবে।
- এবার চলো উঠি ক্ষুদা লাগে। ক্ষুধার্তের কি কোনোও ধর্ম আছে?
- তরমুজ খাওয়া যাবে। বাহিরে সবুজ; ভিতরে লাল। একই ফলে দুই ধর্মের সহবাস।
- আমি খাবো বিফ হ্যামবার্গার
- আমি খাবো পোর্ক সালামি
- আমি খাবো বিফ বল
- আমি খাবো পোর্ক আফ্রিটাডা।
- দুজনেই ভাগ করে খাবো সমান সমান।






