পাগল ভৈরব- ৮
- পুলক সাঁপুই
জলাভূমি, ধুধু প্রান্তর,
দিগন্তরেখা আকাশ ছোঁয় ভূমি।
ক'য়েকটি মহুয়া গাছ, একটু ঝোপঝাড়,
জনশূন্য, অপার অনুভূতি জাগে মুক্তির স্বাদ।
উল্লাস প্রকাশ করি চিৎকারে
হালকা বোধ করি ঘাসে শুয়ে
চোখ বন্ধ করে স্বাধীনতার স্বাদ নিতে থাকি।
মৃদুমন্দ বাতাস; পাখির ডাক,
গাছের পাতা নড়ে; ঝরে পড়ে; শব্দ শুনি-
আহঃ! এযে স্বর্গ- জান্নাত অনুভূতি।
"কিরে ছোঁড়া, কি করিস হেথায়?"-
পাগল ভৈরব বলে খিলখিলিয়ে হেসে।
বিরক্ত হই, ভাবি মনে, হায়!
এখানেও পাগলের আলাপন।
"মুক্তি খুঁজিস বুঝি? স্বাধীনতা যাকে বলে?
স্বাধীনচেতা মন থাকলে নিজ মাঝে
মুক্তির স্বাদ নিতে পারিস
বদ্ধ ঘরে অথবা কারাগারে অথবা জনারণ্যে।
স্বাধীনতা নেই স্বর্গ বা জান্নাতে -
লোভ লালসা লিপ্সা চরিতার্থ করার প্রবনতায়
নেই স্বাধিনতা, থাকে না মুক্তি সেথায়।
স্বাধীনতা পেতে গেলে-
স্বাধীন চেতনায় পথ চলে
মনের দৃঢ়তায় নিজেকে ধরে,
অপরের সাথে নিরপেক্ষ কর্ম সাধনে।
স্বাধীনতা সহজাত ধারা
উত্তরণ হইবে জাগরণে।"
No comments:
Post a Comment