Saturday, February 27, 2021

"দেহ ও মন"

আমি অবলা নারী, কিছু না বলা কথা বলি,-
দীর্ঘ বছর ধরে আছি গৃহস্বামীর পরে,
প্রেম ডুবেছে সেথায়, ভালোবাসার টুকরো আছে পড়ে।
বাস করি একত্রে, প্রিয়জন সে আমার- প্রয়োজনের তরে,
সঠিক মনের কথা লুকিয়ে রেখে-
মরদের মন যুগিয়ে কথা বলি হেসে হেসে।
নহিলে সমাজের কাছে যাবো মিথ্যা হয়ে
সত্য আমি- মিথ্যার বেড়াজালে।

অনেক আশা নিয়ে বেঁধে ছিলাম ঘর
ধীরে ধীরে হলাম সেথা কাছে থেকে পর,
মানবিক মূল্য সেথায় কানাকড়ি
প্রশ্ন করা মানা, মন সেথা নেই, আছে কর্তব্যের বাড়াবাড়ি।
আকাশ সেথায় কংক্রিট ছাদ
বাতাস বহে সিলিং ফ্যানে,
বহু বছর একা পথ চলি এমন করে।

অন্তরের আঁধার কেটে আলোর পথে বাঁচতে-
মনের মানুষের সন্ধান করি সংগোপনে,
এক এক করে- অনেক, শেষে পাই তাহারে
মনের সাথে মন মিলে,- পড়ি প্রেমে।
দিই প্রেমীরে সবই উজাড় করে
দেহ ছাড়া আর যা কিছু আছে,
দুজন দুজনায়- এক মন নদী হয়ে চলি দুই পাড় ধরে,
চলি সমাজের মাঝে 'মন ও দেহ' এক ও পৃথক হয়ে
বাস্তবের সত্য হতে অন্তরাত্মার সত্যের পথে।

                                  -পুলক সাঁপুই।

 

Wednesday, February 24, 2021

"পাপ-পুণ্য"

'জান্নাতুল হৃদি' পড়েছে প্রেমে
'আলবার্ট পলকের' সাথে,
দীর্ঘ সময় ধরে হৃদয়ের গান গায়
প্রেমে ভালোবেসে শয়নে সপনে।

দুজন দুজনায় প্রেম কামনায়
এক হয়ে মেলে দেহে-অন্তরে,
সিন্ধুর দিগন্ত হতে সূর্য ওঠে
সকালের স্বর্ণগলা জল হয়ে।

প্রকৃতির নিয়মে কাটে সময়
হায়! বাস্তবের মাটিতে হেঁটে,
হিংস্র জানোয়ারের বেশে
দুই সমাজের সেথায় চিৎকার ওঠে।

মানুষেরা হুঁশ হারায় ধর্মের নামে
মানবতা আলস্যে ঘুমিয়ে থাকে,
নিষ্ঠুর বাস্তবে জান্নাতুলের হয় বিয়ে
এক অজানা পুরুষের সাথে বাসররাত কাটে।

সমাজ সেথায় পাপ-পুণ্যের বিচার করে কার সাথে?
কি সত্য সেথায়?- মন? দেহ? প্রেম-ভালোবাসা? সমাজ? ধর্ম?
অন্তরাত্মা কাঁদে এই অন্ধ সত্য দেখে
ধর্মের নামে সমাজ পাপ-পুণ্যের বিচার করে।

মানুষ হয়ে মানবতার গান গাই
হৃদির পুলকের সাথে।।

- পুলক সাঁপুই।

 

Tuesday, February 16, 2021

"অবলার বলা"

প্রেম খেলিছে বাতাসে
উড়িছে অলীক স্বপ্ন-
যায় ভেসে প্রেমিকের কাছে।
দেহ হেথায় স্থান পায় মালিকের পাশে,
পদ্মবৃন্তে ছোঁয়া লাগে কামনার বশে,
যত্নে রাখা অপরাজিতা মেশে ধুতরা ফুলে,
বাসনায় তৃপ্তি পেতে অঙ্গ বোধ করে,
হৃদয়ে প্রণয়ী বাস করে নিভৃতে ভালোবেসে।
সত্য চেয়ে রয় অদৃষ্টের পানে,
অন্তরাত্মা কাঁদে বাস্তবের মাটিতে,
স্বার্থের পৃথিবীতে একা আমি।
বস্তু ও মন, কোন সে প্রয়জন!
বেঁচে থাকার তরে, কোন সে দামি-
এই মানব জীবনে!?

                       -পুলক সাঁপুই।



 

Sunday, February 14, 2021

Linocut

সমাজের মাঝে
দেহকে লাটাই করে
প্রেমের সুতায়
ভালোবাসার ঘুড়ি ওড়াই,
প্রয়জনে বলি, -
"এসো গলায়"
 অথবা
"তবে বিদায়"।।

                                   -পুলক

 


Monday, February 8, 2021

"হিয়ার মাঝে"

অনেক দুর্যোগ গেছে
শেষ কিছু দিন আগে,
প্রকৃতি এখন শান্ত, ক্লান্ত শরীরে রমণী,
স্বচ্ছ গভীর দীঘির জল যেমন।

জীবনের মাঝে মৃত্যুর বসবাস
শবেরা করছে উল্লাস,
চুপিসারে মনে মনে
ভদ্র সমাজের রীতি মেনে।

সংসার বৃত্তের ঘুরপাকে
চাল ডাল সবজি প্রতিদিনের,
 ভর্তার সাথে কফি মুখোমুখি
প্রেমে থাকা যৌক্তিকতা মেনে।

অসহায় মনে ব্যর্থ বুকে
পাগলপারা হয়ে অতি প্রয়োজনে,
খুঁজে পেতে হিয়ার মাঝে
ঠাঁই দিয়ে তাকে অতি সন্তর্পনে।

মৃদু হওয়ায় পাখনা মেলে
সাদা মেঘেদের সাথে ভর করে,
নিরব হৃদয়ের মেলবন্ধনে
নতুন জগত গড়া।।


                                  - পুলক সাঁপুই।।


 


Saturday, February 6, 2021

"পথ"

রাধা সেজে আলস্যে গা হেলিয়ে হেথায় ঝোলায় ঝুলি,
মম হৃদয়ে শ্যাম সম তুমি, তাই কিছু মনের কথা বলি।
জীবন যুদ্ধে যতটুকু পেয়েছি আজ,
তাই নিয়ে সন্তুষ্টি চাই, আর কিছু চাইনা পেতে,
মননের সংগ্রাম স্বপনে করিব সমাধান,
এমনই ভাবে জীবন যায় যেন কেটে।

এমন ভাবনার মাঝে থেকে স্বপ্নের পৃথিবী গড়ি,
মনে হয় যাযাবর হয়ে বিশ্ব ভ্রমন করি।
আবার, ভাবি -
মানুষের মত কিম্ভুত প্রানী না থাকলে কিবা এসে যেতো ?
অথবা মনে হয়, -
শুধু এই সৌন্দর্যের গুন গীতি করার জন্য কি মানুষের সৃষ্টি হয়েছিল?
এখন, -সেই মায়ের সন্তানরা দেখি ক্ষয়িষ্ণু পথে হাঁটে।
মাতৃভূমির এমন খেলা, মনে ভেবে বিভোরে দিন কাটে।
আত্ম গুরুর কাছ থেকে পাই তত্ত্ব-জ্ঞান,
সবই যে মানি তাও না, নিজের মতো বাঁকিয়ে প্রযোগ করি।

রাধা সেজে আলস্যে গা হেলিয়ে হেথায় ঝোলায় ঝুলি।
সংসারে দেহ রাখি, মন রেখেছ ধরে তুমি।
তার প্রয়োজনে দেহ ভাগ নেয়,
কখনো প্রয়োজন হয় তার সাথে মিলি।
কি বা প্রয়োজন তোমাকে আমার?
কেন বা তুমি এলে?
প্রেম কামনায় আজও মরি হায়!
ভালোবাসা নাহি পাই তোমা বিনে।
যখন সব পরিবার দূরে সরে যায় সততা থেকে,
কাদের জন্য লিখিব ভবিষ্যত? কাকে নিয়ে ভাবি?
গড়তে নতুন ইতিহাস, তোমার পথেই আজীবন চলতে পারি।।


                                  - পুলক সাঁপুই।


 


Friday, February 5, 2021

"হৃদির কান্না"

প্রিয়, তোমার তরে আজ নিঃস্ব হেথায়
হারিয়ে মন-প্রাণ,
এই ধরণীতে যাপন করি নীরবে,
টেনে নিয়ে যাই দেহটারে যন্ত্রের মতো।
সত্তা হারিয়ে হয়েছি তরল
ভিন্ন আকার পাত্রে ধারণ করি সঠিক কৌশলে।

যাও ফুরিয়ে দুচোখ হতে দূর বহু দূরে
প্রয়জন বোধ করিনা এখন কিছুতেই,
মুহূর্তে বাঁচি আমি শুন্যে যাপন করে,
অন্তরের শুন্যতে পেয়েছে পূর্ণতা আলোর মতো করে।
সব হারিয়ে হয়েছি সাধিকা অন্তরে অন্তরে,
অমূল্য যাহা কিছু বস্তু কিংবা বন্ধন
আমার সবই বাহুল্য লাগে।

কি চাও তুমি? ভালবাসি আর ভালবাসি না জানালে?
তোমাকে ভালবাসি এই অনুভুতি ধরে রাখি বুকে,
বিনিময়ে তোমাকে দেবার মত কিছুই নাই আর।
আরো দু:খের ব্যাপার, - 
তুমি স্বপ্রণোদিত হয়ে দাও যদি দারুণ অমূল্য উপহার,
জেনে রাখ, নেবার সামর্থ্য নেই যে আমার।
তোমার চেতনা, ধারনা, কাজ, প্রকাশ, কবিতা,
ব্যাক্তিগত তোমাতে সবকিছু মিলে -
আমার অন্তরের বিশ্বাস প্রভাবিত হয় হৃদির পুলকে।

                               - পুলক সাঁপুই

 


Thursday, February 4, 2021

Linocut

সখী,- মনে যদি প্রেম থাকে,
দেহ সেথায় হার মানে,
হৃদির সাথে জাদুর স্পর্শে
এক সাথে চলি
নিভৃতে সঙ্গোপনে।

                               - পুলক সাঁপুই

 

Tuesday, February 2, 2021

"বোধহয়"


নীল নীলিমার তলে, সবুজের সমারহে
কলকল ধ্বনি বহিছে যেথায়
ঘুমিয়ে রয়েছে দরবেশ আজ।
হৃদির কামনা হারিয়ে গেছে মেঘ হয়ে,
বৃষ্টি হয়ে ঝরে পড়ে, পথে ঘাটে নদীতে,
পরিণতি পেতে চায় সবার মাঝে লীন হয়ে।

হয়তো কোন এক শুভক্ষণে জাগিবে সে,
সোনা গলা জোছনায় বা রোদে,
মৌরী ফুলের সুগন্ধে, তার বাসনায় পরিতৃপ্তি পেতে।
প্রকৃতির ডাকে প্রেমের আকুতি পেয়ে,
আসিবে ভেসে ভেসে মিলনমেলায় সামিল হতে,
আত্মসন্তুষ্টির তরে হৃদির জাদু হয়ে পুনঃরায়।
                       

                                         - পুলক সাঁপুই।

 

Sunday, January 31, 2021

"কবিতার সন্ধানে"

"কবিতার সন্ধানে"


নতুন কোনো কবিতার সন্ধানে...
মন গহনে প্রেমের আকুল ভান্ডারে
আঘাত করি অনড় অভিপ্রায়ে এক
নারীকে,
কোন সে হৃদয় দিয়ে ভালোবাসো
সেই মানুষটিরে?
কার তরে দিবানিশি গান গেয়ে বাঁচার প্রেরণা পাও?
নারী কহে, - এই অবোধ সংসারে ধর্মের বেড়াজালে
অন্ধ মন নিয়ে ধার্মিক হয়ে বুক ফুলায়ে গর্ব করে স্বজনে,
সমাজ সেথায় মাকাল ফল হয়ে গাছে ঝোলে লাল হয়ে,
এক মৃত নগরীর রাস্তায় চলি, পিছে টানে অশরীরী,
খুঁজে পাইনা এই সংসারে কাহারেও মানুষের মতো করে,
পাই যাদের, মানব জীবনে মানবতা হারিয়ে মৃত্যুর পরের স্বপ্ন দ্যাখে,
ধর্মের দোহাই দিয়ে অধর্মের পথে বাঁকে,
ব্যক্তি স্বাধীনতা হরণ ক'রে ধর্মে মুক্তির কথা বলে,
কেমনে সুখী হতে পারি এই আঁধার সংসারে? অন্তরাত্মা হেথায় কাঁদে।
শেষে, প্রকৃতির ডাকে পাই তাকে,
 এই সংসারে থেকেও এক ভবঘুরে,
প্রেমধারা ফেরি করে ফেরিওয়ালা, আমারই তরে,
তার সাথী হয়ে হাতে হাত মেলাই,
হৃদির জাদু হয়ে বাঁচার প্রেরণা পাই।।


                              - পুলক সাঁপুই।

 

Thursday, January 28, 2021

"প্ৰণয়ীর কথা"

"প্ৰণয়ীর কথা"


এক সকালে সুধাই প্ৰণয়ীরে-
কেমন আছো তুমি নতুন সংসারে?
প্ৰণয়ীর কথায়, -
আমি আছি সুখে, সদা হাসি মুখে,
মন ভরা গরলে, চার দেয়ালের মাঝে
প্রজাপতির মতো ডানা মেলে উড়ে বেড়াই।

আমি আছি সুখে,
চোখে বরষার কালো বাদল মেখে
সাহারার গ্রীষ্মের দুপুরে কান্না শুকাই,
সার্কাসের ক্লাউন হয়ে, মুখে রঙ মেখে
বুকে পাথর রেখে, সকলের মুখে হাসি ফোটাই।

আমি আছি সুখে,
প্রতিনিয়ত মনিবের রাখি চোখে চোখে
সেবা করি তারে নির্ভুল পদ্ধতিতে,
গভীর রাতে বা কাট-ফাটা রোদে
তার সময়-সুযোগে কাম কামনায় সঙ্গিনী হই দাঁতে দাঁত চেপে।

আমি আছি সুখে,
পটরানী করে রেখেছে আমাকে
বুয়া হয়ে ঘর সাজাই মনের মতো,
কারনে অকারণে ভীতিতে থাকি
আপন স্বাধীনতা স্বযত্নে লুকাই
ভাবি, এই বুঝি তার কাছে ধরা খাই।

আমি আছি সুখে,
নিত্য তুমি কাছে আছো মনে মনে
এই ভরসা নিয়ে কাটাই সংসারে
এ কথা বলি শুধুই তোমারে,
আমার এতো সুখ জেনে
সখা, তুমি ঘুমাও স্বযতনে।।


                                - পুলক সাঁপুই।

 

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...