Sunday, January 31, 2021

"কবিতার সন্ধানে"

"কবিতার সন্ধানে"


নতুন কোনো কবিতার সন্ধানে...
মন গহনে প্রেমের আকুল ভান্ডারে
আঘাত করি অনড় অভিপ্রায়ে এক
নারীকে,
কোন সে হৃদয় দিয়ে ভালোবাসো
সেই মানুষটিরে?
কার তরে দিবানিশি গান গেয়ে বাঁচার প্রেরণা পাও?
নারী কহে, - এই অবোধ সংসারে ধর্মের বেড়াজালে
অন্ধ মন নিয়ে ধার্মিক হয়ে বুক ফুলায়ে গর্ব করে স্বজনে,
সমাজ সেথায় মাকাল ফল হয়ে গাছে ঝোলে লাল হয়ে,
এক মৃত নগরীর রাস্তায় চলি, পিছে টানে অশরীরী,
খুঁজে পাইনা এই সংসারে কাহারেও মানুষের মতো করে,
পাই যাদের, মানব জীবনে মানবতা হারিয়ে মৃত্যুর পরের স্বপ্ন দ্যাখে,
ধর্মের দোহাই দিয়ে অধর্মের পথে বাঁকে,
ব্যক্তি স্বাধীনতা হরণ ক'রে ধর্মে মুক্তির কথা বলে,
কেমনে সুখী হতে পারি এই আঁধার সংসারে? অন্তরাত্মা হেথায় কাঁদে।
শেষে, প্রকৃতির ডাকে পাই তাকে,
 এই সংসারে থেকেও এক ভবঘুরে,
প্রেমধারা ফেরি করে ফেরিওয়ালা, আমারই তরে,
তার সাথী হয়ে হাতে হাত মেলাই,
হৃদির জাদু হয়ে বাঁচার প্রেরণা পাই।।


                              - পুলক সাঁপুই।

 

Thursday, January 28, 2021

"প্ৰণয়ীর কথা"

"প্ৰণয়ীর কথা"


এক সকালে সুধাই প্ৰণয়ীরে-
কেমন আছো তুমি নতুন সংসারে?
প্ৰণয়ীর কথায়, -
আমি আছি সুখে, সদা হাসি মুখে,
মন ভরা গরলে, চার দেয়ালের মাঝে
প্রজাপতির মতো ডানা মেলে উড়ে বেড়াই।

আমি আছি সুখে,
চোখে বরষার কালো বাদল মেখে
সাহারার গ্রীষ্মের দুপুরে কান্না শুকাই,
সার্কাসের ক্লাউন হয়ে, মুখে রঙ মেখে
বুকে পাথর রেখে, সকলের মুখে হাসি ফোটাই।

আমি আছি সুখে,
প্রতিনিয়ত মনিবের রাখি চোখে চোখে
সেবা করি তারে নির্ভুল পদ্ধতিতে,
গভীর রাতে বা কাট-ফাটা রোদে
তার সময়-সুযোগে কাম কামনায় সঙ্গিনী হই দাঁতে দাঁত চেপে।

আমি আছি সুখে,
পটরানী করে রেখেছে আমাকে
বুয়া হয়ে ঘর সাজাই মনের মতো,
কারনে অকারণে ভীতিতে থাকি
আপন স্বাধীনতা স্বযত্নে লুকাই
ভাবি, এই বুঝি তার কাছে ধরা খাই।

আমি আছি সুখে,
নিত্য তুমি কাছে আছো মনে মনে
এই ভরসা নিয়ে কাটাই সংসারে
এ কথা বলি শুধুই তোমারে,
আমার এতো সুখ জেনে
সখা, তুমি ঘুমাও স্বযতনে।।


                                - পুলক সাঁপুই।

 

Saturday, January 23, 2021

"তার খোঁজে"

"তার খোঁজে"


সবুজ ঘাসে শুয়ে
আসমানী রঙ মেখে
মনের গভীর হতে
তার অনুভবে রই

বহু দূর হতে কাছে
হলুদ মৌরী ফুলের
সুগন্ধি ভেসে আসে
হৃদয় ব্যাকুল করে

উড়ে বেড়ায় নাচি নাচি
কমলা রঙের প্রজাপতি
বয়ে আনে সুখের খবর
সুহৃৎ হয়ে হৃদির পথে

লতায় পাতায় জড়ায়ে
হয়ে নীল অপরাজিতা
দোদুল দোলায় দোলে
মনে প্রাণে দেয় সাড়া

মনেহয় পথ খুঁজে পাই
অন্তর্যামী দেখায় পথ
হাতে হাত বাড়ায়ে
হৃদয়ের আখ্যান শোনায়।।


                                -পুলক সাঁপুই

 

Friday, January 22, 2021

"হৃদির বিলাপ"

"হৃদির বিলাপ"


এই ভবের রঙ্গমঞ্চে অভিনয়ে
সত্যের ভূমিকায় নিপাট গৃহিণী
মিথ্যা মন নিয়ে যাপন করি
মিষ্টি মুখে বুলি আওড়াই
সমাজ আমায় দিয়েছে এই স্থান
মরমে মরমে কেঁদে ভাসাই।

শুরু হয়েছিল স্বপ্ন ভরা সত্যি নিয়ে
সাজানো সংসার আপন করে
একে একে সেথা ভাঙিল পেয়ালা
মাছি ভনভন, পরিণতি পচা-গলা।

সুখের নামে বাঁধে সংসারে
সহবাসে পরিতুষ্টি মেটাতে
পোয়াতি হয়ে বিওতে ছেলে
দাসীর কর্মে দিবারাত্রি খেটে যাই।

প্রেম সেথায় বিছানায়
ভালোবাসা ধর্ম পালনে চায়
মা হতে জন্ম যেথায়
কন্যা সেথায় রহে অবজ্ঞায়।

ভরা সংসারে হইচই হট্টগোলে
সবার মাঝে মিশে থেকে
বিশ্বাস সেথায় ধুলায় মেসে
একা হয়ে দূর হতে দূরে সরে যাই।

এই হৃদয় ভাঙা মন নিয়ে
দিবারাত্রি কাটে এক গভীর আশায়
জীবনকে মনের সাথে আঁকড়ে ধরে
বাঁচার উপায় আছে কি জগতে?

খুঁজে ফিরি সুধাই তারে
কে আমারে বাঁধিবে বুকের মাঝে
অন্তর্যামী হেসে কহে,
পথ চলার মাঝে ডাকিবে তোমারে
সে হৃদির জাদু হয়ে....।।


                                - পুলক সাঁপুই

 


Wednesday, January 20, 2021

"অধরা নারী তুমি"


অধরা নারী তুমি,
তোমার অনিচ্ছায়
কেমনে পেতে পারি
প্রেমের পরশ যেথা,
হাজার পথের দ্বারে
তোমায় মিলিবার তরে
ঘুরে ফিরি বারেবারে
রুদ্ধ সবই দেখি,
যেদিক হতে করেছ ইঙ্গিত
 সেই দিকেতে চলি
অন্য পথে ধরতে গিয়ে
হোঁচট খেয়ে পড়ি,
অধরা তুমি নারী
তোমার ইশারার পথ যেথা
সেথায় এগোতে পারি,
এক দ্বার হতে সাড়া দাও
রুদ্ধ করো অন্য দ্বার
তোমার ছলাকলার খেলায়
ক্ষুদ্র সেথায় আমি,
তুমি অধরা নারী
এ কি খেলা খেলো তুমি
হৃদয়ের পথে পথে,
ভেবে দেখো বারবার
সত্য প্রেমের মানে -
হে নারী,- চেয়ে দেখ
নিকটে স্বজনে সমাজে
ভ্রান্তির সাজানো বাগানে
প্লাস্টিকের ফুল সাজিয়ে
প্রাকৃতিক শোভা দেখায়,
তুমি আছো সেথায়
বাকরুদ্ধ মহিমায়,
অধরা নারী তুমি
অপেক্ষায় দিন গুনি
নৈসর্গিক হৃদয় নিয়ে
সত্য পথের ঠিকানায়।।


                                - পুলক সাঁপুই

 

Sunday, January 17, 2021

"ফিরে পাওয়া"

"ফিরে পাওয়া"

কালচক্রের বিবর্তনে
কাটে দিন কাটে রাত,
আশা নিরাশার খেলায়
আবেগ ভরা মনে
আকুতির হাহাকারে
কালবৈশাখী খেলে যায়।
স্মৃতির পাতায় পাতায়
ভুল ও নির্ভুল পরখে
অতলে তলিয়ে যায়
চোখের তারা হতে অন্ধকারে
মেঘ হয়ে পুঞ্জীভূত কালো
ঝরে পড়ে বৃষ্টির ধারায়,
খুঁজে পেতে চায় বারে বারে
অজানা আশায় বুক বেঁধে
কোন এক শুভক্ষণে
আলোর দিশা হয়ে,
হৃদির ডাকে পায় সে
মৌরী ফুলের সন্ধান।।

                               -পুলক সাঁপুই

 

Thursday, January 14, 2021

"সম্পর্ক"

শীতের শিহরণে শিহরিত
এলোমেলো ঝড়ো হাওয়া
শুকনো ও সবুজ পাতা ওলটপালট
ঝরে পড়ে তাসের মতো
জুয়া খেলার নেশায়...
প্রকৃতি কি চায় এই হিমেল হওয়া?
স্বজনের সামাজিক সম্মানের স্বার্থে
ভঙ্গুর সম্পর্ক কংক্রিটের অট্টালিকা বানানোর স্বপ্নে,
নতুন ভাবে নতুন করে
পুরানো মনে রঙ লেপে
ক্ষতের উপরে ট্যালকম পাউডার 
দুর্গন্ধের জন্য ডিওডোরেন্ট স্প্রে,
আর কি চাই?
সেই পুরানো মেহগনি খাট,
বাসি বাসর রাতে মন কাল নাগিনীর বিষ,
দেহে খেলা করে নটীর নাটিকা
কাপুরুষ গলে ঢলে গড়িয়ে পড়ে,
পুরুষত্বের অহমিকা অট্টহাসি হাসে
হার-জিত ভবের খেলা, সমাজ শিখণ্ডীর বেশে।।

                                        - পুলক সাঁপুই

 

Wednesday, January 13, 2021

"প্রত্যাশা"



শীতের দৈত্য রহিবে চিরনিদ্রায়
হৃদয় চাহিলে বসন্ত রহিবে চিরকাল
ভালোবাসার পাখিটির নীড়ে

রঙিন স্বপ্নে বিভোর পাখিটি আছে
সঙ্গির অন্তরের ডাকের অপেক্ষায়
সাড়া পেতে চায় অবিরত বারংবার

নিয়তি সেথায় স্তব্ধ হয়ে থাকে
হৃদির সাথে জাদুর প্রেমে
রঙিন ফুলে, পাখির ডাকে, মৌমাছির
গুঞ্জনে।।

                                         -পুলক সাঁপুই



 

Tuesday, January 12, 2021

"চলার পথে"

আমি পথিক
চলেছি পথ
পিচ, কংক্রিটের রাস্তা
ধুলামাটি, পাথর
শহর, গ্রাম গঞ্জ
আপনজন
পরিবার হয়ে
সব এক সাথে
পেরিয়ে যাই
আলোর ঠিকানায়
তোমারই আশায়
এক সাথে চলার
এসো মোর প্রিয়
তোমার অপেক্ষায়
সেই পথে দুজনায়
হয়ে অগ্রদূত।
হোক সে যেমন
কাদা, জঙ্গল
দুর্ভেদ্য দুর্গম
বন্ধুর কন্টক ভরা
বা পর্বত সম
পদচিহ্ন রেখে যাব
বিশ্ব সংসারে
হৃদির জাদু হয়ে।।

                      -পুলক সাঁপুই

 

Monday, January 11, 2021

"উত্থাপন"

পরিণয় বা স্পর্শবিহীন প্রেমই মহৎ
যেখানে থাকে শুধু অন্তর জগতের ভাষা,
যাহা অনুরাগ, আকাঙ্খা, অনুভবের সন্ধান
কোন এক সন্ধিক্ষণে মিলিত হইবার অভিপ্রায়,
প্রতিদিনের পথ চলার সাথে আছি অপেক্ষায়
ভালোবাসা সে তো অন্তর্যামীর আশীর্বাদ,
পথ খুঁজে দেয় কালচক্রের শুন্যস্থান পূরণ
যা অনন্ত প্রকৃতির আকুতির পূর্ণাঙ্গ রূপ দেয়,
তোমার আমার সঠিক এই রাস্তা
শুধু এগিয়ে চলার সঙ্কল্প নিষ্ঠায়
বুক ভরা মৌরী ফুলের সুগন্ধি নিয়ে।।


                                          -পুলক সাঁপই


 

Sunday, January 10, 2021

"পথ"

বাস্তব যন্ত্রণার কারাগার হতে
মুক্তি পাওয়ার আশায় বুক বেঁধে
হেঁটে চলা সেই রাস্তায়,
কঠিন বাস্তবতা থেকে জিঘাংসা মিটাইবার তরে
ফেলে আসা দিন কুরেকুরে খায়,
সেই স্বপ্ন দেখানোর ফেরিওয়ালা
হারিয়ে যায়নি সেথা
সেই অঘ্রানের শীতে ভালোবাসা রোদ পোহায়
অনেক দেওয়া-নেওয়া প্রতিশ্রুতি সেথা
মধুচন্দ্রিমার কামনা মিটাবারে হায়! কি হয় সেথা?
স্বার্থের ছিনিমিনি খেলা সমাজের নামে,
শ্রাবনের বৃষ্টির ধারায় সে কি মুছে যায়?
তবে, কিসের প্রয়োজন ফুরায়?
ভালোবাসা ফিরে যাওয়া আঘাত হানার গানে,
হয়নি সেথা এখনো ম্লান কাপুরুষ ও মহাপুরুষের পথে
মনের উচাটন হয় নাই শেষ কোথা হতে কোথা ফেরে ?
ভালোবাসা প্রাণ পায় হৃদয়ের ঠিকানায়
প্রকৃতির কাছে সমর্পন করি হাতে হাত বাড়িয়ে
নতুন ভোরের স্বপ্ন দেখা জীবনের বাজি রেখে
পাই যেন সেই সন্মান তোমা হতে
হারায়ে যেওনা মৌরী ফুল হয়ে হৃদয়ে।।

                                              -পুলক সাঁপুই

 

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...